ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ক্যাম্পাসে অবস্থানকালে আপনার পালনীয়-বর্জনীয়গুলো নিজ থেকেই অনুসরণ করুন।
প্রতিষ্ঠান-নির্ধারিত ইউনিফর্ম পরিধান করুন। পরিষ্কার ও পরিপাটি হয়ে ক্লাসে আসুন। ইউনিফর্ম নির্দিষ্ট না থাকলে ছাত্রছাত্রী নির্বিশেষে শালীন ও মানানসই পোশাক পরুন।
জ্ঞানার্জন ও বাস্তব জীবনে সাফল্যের জন্যে নিজ আগ্রহ অনুসারে পাঠ্য বিষয় নির্বাচন করুন, হুজুগের বশে বা অন্যদের দেখাদেখি নয়।
নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বদনাম করবেন না। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে তুলনাও করবেন না। এতে আপনার পড়ালেখার প্রতি আগ্রহ কমে যেতে পারে।
যত সীমাবদ্ধতাই থাকুক, নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষিকাকে সম্মান করুন এবং ভালোবাসুন।
ক্লাসে অনুপস্থিত থাকলে ছুটির আবেদনপত্র জমা দিন। সবচেয়ে ভালো হয় আবেদনপত্র অগ্রিম জমা দিলে।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাগ-অভিমান, ঝগড়া এবং সকল প্রকার রেষারেষি ও বিতর্ক এড়িয়ে চলুন।
সহপাঠীরা পরস্পরের সাথে, বিশেষত বিপরীত লিঙ্গের সহপাঠীর সাথে মার্জিত আচরণ করুন।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজের কথা, আচরণ ও কাজের ব্যাপারে সচেতন থাকুন।
টিউশন ফি-সহ যাবতীয় ফি সময়মতো পরিশোধ করতে সচেষ্ট থাকুন। ক্যান্টিনে বাকিতে খাবার খাবেন না।
মা-বাবা, অভিভাবক, শিক্ষক, আয়া, ব্রাদার ও গার্ডসহ সবার শ্রম ও ত্যাগের কথা সবসময় স্মরণে রাখুন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু ডিগ্রি ও সার্টিফিকেটের মাঝে সীমাবদ্ধ না রেখে আচরণ ও কাজেও এর প্রতিফলন ঘটান।
নিজের সাফল্যের সাথে সাথে জুনিয়রদেরও সাফল্যের পথ দেখানোকে নৈতিক দায়িত্ব মনে করুন।
ক্লাসে নিয়মিত ও সময়মতো উপস্থিত থাকুন।
ক্লাসরুমের দেয়াল, চেয়ার, ডেস্ক বা বোর্ডে কোনো ধরনের আঁকাআঁকি, কার্টুন বা মন্তব্য লেখা থেকে বিরত থাকুন।
ক্লাসে অন্য বই পড়া, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা কিংবা খাবার ও চুইংগাম চিবানো থেকে বিরত থাকুন।
শিক্ষকের অনুপস্থিতিতে তার চেয়ার বা টেবিলে বসা থেকে বিরত থাকুন।
এক শিক্ষকের সমালোচনা অন্য শিক্ষকের কাছে করবেন না।
শিক্ষকের কোনো আচরণে কষ্ট পেলে তা নিয়ে ক্ষোভ পুষে রাখবেন না বা তাকে নাজেহাল করার চেষ্টা করবেন না।
শিক্ষকের আচরণ অভিনয় করে দেখানো বা তাকে বিদ্রূপাত্মক নামে ডাকা অন্যায়।
যেখানেই শিক্ষকের সাথে দেখা হোক, তাকে সালাম দিন এবং সম্মান প্রদর্শন করুন।
আপনার ভুলের জন্য শিক্ষক কোনো শাস্তি দিলে তা কল্যাণের জন্যই দিয়েছেন বলে মনে করুন।
বন্ধুবৎসল শিক্ষককে 'ইয়ার-দোস্ত' মনে করে হাত ধরে টানাটানি বা হালকা রসিকতা করা থেকে বিরত থাকুন।